আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সকল মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবীহ নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান মাসে দেশের প্রায় সকল মসজিদে খতমে তারাবীহ নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে করে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষে পবিত্র কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এই পরিস্থিতিতে মুসল্লিদের মনে এক ধরণের অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়।
এই সমস্যা নিরসনে ইসলামিক ফাউন্ডেশন একটি সুনির্দিষ্ট তিলাওয়াত সূচি ঘোষণা করেছে। নতুন এই পদ্ধতি অনুযায়ী: ১. পবিত্র রমজান মাসের প্রথম ৬ দিনে প্রতিদিন দেড় পারা করে মোট ৯ পারা তিলাওয়াত করতে হবে। ২. পরবর্তী ২১ দিনে প্রতিদিন ১ পারা করে মোট ২১ পারা তিলাওয়াত করতে হবে।
এই নিয়মে তারাবীহ পড়লে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কুরআন খতম সম্পন্ন করা সম্ভব হবে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি এই পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবীহ পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রতিটি তারাবীহতে কুরআনের কোন সূরার কত আয়াত পর্যন্ত তিলাওয়াত করতে হবে, তার একটি বিস্তারিত তালিকাও প্রদান করা হয়েছে। এই নির্দেশিকা অনুসরণের ফলে সারাদেশে তারাবীহ নামাজে অভিন্নতা বজায় থাকবে এবং সাধারণ মুসল্লিদের জন্য নিয়মিত কুরআন খতমের সওয়াব পাওয়া সহজ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

