বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সকল স্তরের মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচনের ওপর থাকা স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। বোর্ড থেকে জারি করা এক সাম্প্রতিক নির্দেশনায় অবিলম্বে এসব নির্বাচনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
গত ৬ ফালগুন ১৪৩২ বঙ্গাব্দ (১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্বাচন স্থগিতের প্রেক্ষাপট: বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতির কারণে ইতিপূর্বে একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছিল। গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে দেওয়া সেই নির্দেশনায় ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংস্থার নির্বাচন আয়োজন না করার জন্য অনুরোধ করা হয়েছিল।
বর্তমান সিদ্ধান্ত: জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেওয়া সেই সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির নির্বাচন আয়োজনের আর কোনো বাধা নেই।
নির্দেশনা: বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, সুপার এবং পরিচালনা কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

