ব্যাংকিং কার্যক্রম

পবিত্র ঈদ-উল-আজহা ২০২৬ : ২৩ ও ২৪ মে সব ব্যাংক খোলা, পোশাক শিল্প এলাকায় ২৫ ও ২৬ মে সীমিত ব্যাংকিং

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের ব্যাংকগুলোর ছুটির সময়সূচি এবং তৈরি পোশাক শিল্প এলাকায় বিশেষ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে কেন্দ্রীয় ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট এন্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট’ (এসডিএডি) আজ সোমবার (১৮ মে) এই সংক্রান্ত একটি সার্কুলার (সার্কুলার লেটার নং- ০৭) দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে সাধারণ ছুটি শুরু হওয়ার আগের দুই দিন অর্থাৎ আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) দেশের সকল তফসিলি ব্যাংকের সকল শাখা ও উপ-শাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

২৫ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ

সার্কুলারে জানানো হয়েছে, আগামী ২৫ মে (সোমবার) হতে ৩১ মে (রবিবার) পর্যন্ত দেশের সাধারণ এলাকার সকল ব্যাংক সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং পোশাক খাতের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার সুবিধার্থে নির্দিষ্ট কিছু এলাকায় এই ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ ও ২৬ মে নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং

তৈরি পোশাক শিল্প এলাকার সুবিধার্থে আগামী ২৫ মে (সোমবার) এবং ২৬ মে (মঙ্গলবার) নির্দিষ্ট কিছু এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিত জনবল ও সীমিত পরিসরে খোলা থাকবে।

যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে:

  • ঢাকা মহানগরী

  • আশুলিয়া

  • টঙ্গী

  • গাজীপুর

  • সাভার

  • ভালুকা

  • নারায়ণগঞ্জ

  • চট্টগ্রাম

সীমিত পরিসরের সময়সূচি:

কার্যক্রমসময়সূচি
অফিস সময়সূচিসকাল ১০:০০ টা হতে দুপুর ৩:০০ টা পর্যন্ত
লেনদেনের সময়সূচিসকাল ১০:০০ টা হতে দুপুর ১:০০ টা পর্যন্ত

বন্দর এলাকায় ২৪ ঘণ্টা ব্যাংকিং চালু রাখার নির্দেশ

সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা কিংবা বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে পূর্বের নির্দেশনা (০৫ আগস্ট ২০১৯-এ জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৪) বহাল থাকবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও এসব এলাকার আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে। এজন্য ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন ও বন্দর/কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অতিরিক্ত দায়িত্ব পালনে বিধি মোতাবেক ভাতা

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ছুটির দিনগুলোতে যেসব কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব পালন করবেন, তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতাদি প্রাপ্য হবেন।

ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *