আসন্ন বাজেটে বরাদ্দ রেখে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়ন, সুপারিশ প্রণয়ন কমিটির চূড়ান্ত সুপারিশ প্রদান এবং গেজেট প্রকাশের দাবিতে রাজপথে নামছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ১৬ই মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক বিশাল প্রতিনিধি সমাবেশ ও মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত ৯ম পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে বিরাজমান অসন্তোষ নিরসনে এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সংগতি রেখে বেতন কাঠামো পুনর্গঠনের দাবিতে এই আন্দোলন বেগবান হচ্ছে।
কর্মসূচির বিবরণ: আগামী ১৬ই মে বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস ছালাম হলে এই ‘প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হবে। সমাবেশে সারাদেশ থেকে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আলোচনা সভা শেষে একটি মৌন মিছিলের মাধ্যমে সরকারের উচ্চমহলে দাবিদাওয়া তুলে ধরা হবে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতির সাথে বর্তমান বেতন কাঠামো অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়েছে। তাই আসন্ন বাজেটে ৯ম পে-স্কেলের জন্য স্পষ্ট বরাদ্দ এবং অতি দ্রুত গেজেট প্রকাশ করার দাবি জানানো হচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের এই সমাবেশে যোগ দিয়ে আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।
